মূল বিষয়ে যান

রিকনস্ট্রাকটিভ সার্জারি৩ মিনিটে পড়া

ত্বকের ক্যানসার ও প্লাস্টিক সার্জারি

মুখ বা দৃশ্যমান অংশ থেকে ত্বকের ক্যানসার অপসারণের পর পুনর্গঠনমূলক সার্জারির লক্ষ্য গঠন ও কার্যকারিতা ফিরিয়ে আনা এবং রোগীকে স্বাভাবিক জীবনে ফেরানো।

লিখেছেন অধ্যাপক (ডা.) মো. আইয়ুব আলী

A doctor examining moles on a patient's back

আয়নায় নিজের মুখ দেখার অভ্যাস আমাদের সবারই। কিন্তু ত্বকের ক্যানসারের চিকিৎসার পর যখন মুখ, নাক, ঠোঁট, চোখের চারপাশ কিংবা কানের মতো দৃশ্যমান কোনো অংশে বড় ক্ষত তৈরি হয়, তখন আয়নার সামনে দাঁড়ানোই অনেকের জন্য হয়ে ওঠে মানসিক কষ্টের কারণ। ক্যানসারমুক্ত হওয়ার আনন্দের সঙ্গে তখন যুক্ত হয় চেহারা ও স্বাভাবিক জীবনযাপন নিয়ে নতুন উদ্বেগ।

ত্বকের ক্যানসারের চিকিৎসায় প্রথম ও প্রধান লক্ষ্য হলো ক্যানসার আক্রান্ত টিস্যু সম্পূর্ণভাবে অপসারণ করা। রোগের ধরন, অবস্থান ও বিস্তারের ওপর নির্ভর করে যেমন local excision, margin control surgery বা প্রয়োজনীয় অন্যান্য পদ্ধতি ব্যবহার করা হয়।

ক্যানসার অপসারণের পর ক্ষতের আকার ছোট হলে সরাসরি বন্ধ করা সম্ভব হতে পারে। বড় ক্ষত তৈরি হলে প্রয়োজন হয় পুনর্গঠন চিকিৎসার। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে Plastic and Reconstructive Surgery। পুনর্গঠন সার্জারির উদ্দেশ্য শুধু রোগীর চেহারার সৌন্দর্য ফিরিয়ে দেওয়া নয়। এর মাধ্যমে শরীরের হারানো গঠন ও কার্যকারিতা যতটা সম্ভব পুনরুদ্ধার করা এবং রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।

ছোট ও মাঝারি আকারের ক্ষতে স্কিন গ্রাফ ব্যবহার করা যেতে পারে। আবার ক্ষতের অবস্থান ও আকার অনুযায়ী শরীরের কাছাকাছি সুস্থ ত্বক ও টিস্যু ব্যবহার করে local flap তৈরি করা হয়। বড় ও জটিল ক্ষতের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে regional flap বা free flap reconstruction।

মুখের পুনর্গঠন তুলনামূলকভাবে বেশি জটিল। কারণ মুখের প্রতিটি অঙ্গের রয়েছে আলাদা কার্যকরী ভূমিকা। নাকের গঠন শ্বাস-প্রশ্বাসের সঙ্গে, ঠোঁট কথা বলা ও খাবার গ্রহণের সঙ্গে এবং চোখের চারপাশের গঠন চোখের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। তাই পুনর্গঠনের ক্ষেত্রে সৌন্দর্যের পাশাপাশি কার্যকারিতাকেও সমান গুরুত্ব দিতে হয়।

ক্যানসার অপসারণের পর একজন রোগীর মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ। মুখের পরিবর্তন আত্মবিশ্বাস, সামাজিক যোগাযোগ ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। প্রয়োজন অনুযায়ী প্লাস্টিক সার্জন, ক্যানসার বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের সমন্বিত চিকিৎসা গুরুত্বপূর্ণ।

পুনর্গঠন চিকিৎসায় আগের চেহারা সবসময় পুরোপুরি ফিরিয়ে দেওয়া সম্ভব নাও হতে পারে। কিছু দাগ বা পরিবর্তন থেকে যেতে পারে। তবে আধুনিক পুনর্গঠন পদ্ধতির মাধ্যমে অনেক ক্ষেত্রেই গঠন ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে পুনরুদ্ধার করা সম্ভব।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ত্বকের ক্যানসার শনাক্ত হলে চিকিৎসা বিলম্ব না করা এবং ক্যানসার অপসারণের পাশাপাশি প্রয়োজনীয় পুনর্গঠন চিকিৎসার বিষয়টি শুরু থেকেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ঠিক করে নেওয়া। ক্যানসারের চিকিৎসা শুধু রোগ দূর করার মধ্যে সীমাবদ্ধ নয়; রোগীকে যতটা সম্ভব স্বাভাবিক, আত্মবিশ্বাসী ও সক্রিয় জীবনে ফিরিয়ে দেওয়াও চিকিৎসার গুরুত্বপূর্ণ লক্ষ্য।


লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে দেশ রূপান্তর-এ (পৃষ্ঠা ৬, নগর সংস্করণ), ২০ সেপ্টেম্বর ২০২৬।

দেশ রূপান্তর-এ প্রকাশিত মূল লেখা

দেশ রূপান্তর-এ মূল লেখা

  • skin cancer
  • facial reconstruction
  • flap surgery

এই লেখা সাধারণ তথ্যের জন্য, চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।

পরামর্শ

আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন।

প্রত্যেক রোগী আলাদা। সঠিক চিকিৎসা শুধু সরাসরি পরীক্ষার পরেই ঠিক করা যায়।

অ্যাপয়েন্টমেন্ট নিন